হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল দ্বিতীয়বারের মতো ‘হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউট’ পরিদর্শন করেছেন। আজ শনিবার উপজেলার চরচেঙ্গায় অবস্থিত ইনস্টিটিউটের ক্যাম্পাস পরিদর্শন করেন।
হোসেন রব টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ, ল্যাব ও পাঠাগার ঘুরে দেখেন এবং দক্ষ জনশক্তি তৈরিতে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত মানোন্নয়নে ইউএনও ৬টি সিলিং ফ্যান প্রদান এবং ১০৩২ বর্গফুট ছাদ সিলিং (Ceiling) করে দেওয়ার অঙ্গীকার করেন।
একই দিনে ইনস্টিটিউটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অ্যাসেসমেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে উপস্থিত থেকে এই অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ভবিষ্যতে আরও মানসম্মত ও কর্মমুখী কারিগরি শিক্ষা প্রদানে অনুঘটক হিসেবে কাজ করবে।





