শিরোনাম
প্রধান সংবাদ

চট্টগ্রাম-হাতিয়া রুটে পুনরায় জাহাজ চালুর দাবি: চবি শিক্ষার্থীদের স্মারকলিপি

আরও পড়ুন

চট্টগ্রাম-হাতিয়া নৌ-রুটে বন্ধ হয়ে যাওয়া একমাত্র যাত্রীবাহী জাহাজটি পুনরায় চালুর দাবি জানিয়েছে ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। রোববার (১১ অক্টোবর) সংগঠনটির নেতৃবৃন্দ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছে।

​জানা যায়, বিগত তিন মাস ধরে চট্টগ্রাম-হাতিয়া নৌ-রুটে একমাত্র জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দ্বীপ উপজেলা হাতিয়া ও চট্টগ্রাম যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ। ​সমস্যা সমাধানে চবি হাতিয়া স্টুডেন্ট ফোরামের একটি প্রতিনিধি দল বিআইডব্লিউটিএ-এর চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরে গিয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জাহিদুল ইসলামের নিকট স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপি গ্রহণকালে তিনি শিক্ষার্থীদের দাবিকে অত্যন্ত যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। প্রশাসনিক ব্যস্ততার কারণে আঞ্চলিক উপ-পরিচালক উপস্থিত না থাকলেও বিষয়টিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ এবং উপ-পরিচালকের সাথে আলোচনা সাপেক্ষে বৈঠকের আশ্বাস দেন তিনি।

​পরবর্তীতে প্রতিনিধি দলটি বিআইডব্লিউটিসি-এর চট্টগ্রাম এরিয়া অফিসে কমার্শিয়াল ম্যানেজারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। কমার্শিয়াল ম্যানেজার শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন এবং এ রুটে পুনরায় জাহাজ সচল করতে সহায়ক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “তোমরা এ বিষয়ে বিআইডব্লিউটিসির পরিচালক বরাবর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করো, আমি নিজে পরিচালক স্যারের সাথে এ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করব।”

​চট্টগ্রামের সাথে দ্বীপ উপজেলা হাতিয়ার অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সম্পর্ক বহু পুরোনো। হাতিয়ার বিপুলসংখ্যক নিম্নবিত্ত ও কর্মজীবী মানুষ চট্টগ্রামে বসবাস করেন। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম থেকে ফেনী ও নোয়াখালী হয়ে চেয়ারম্যান ঘাটে পৌঁছে নদী পার হতে সময় ও অর্থ উভয়ই অতিরিক্ত ব্যয় হচ্ছে। ​এ বিষয়ে ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর সভাপতি আমিনুল ইসলাম রিমন হাতিয়া কন্ঠকে বলেন, “হাতিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে ও চট্টগ্রাম-হাতিয়া নৌ-যোগাযোগ পুনরায় সচল না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও সংবাদ