নোয়াখালীর হাতিয়া উপজেলার ‘হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল’র সহকারী শিক্ষক মো. আজিজুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১০ অক্টোবর) বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এডহক কমিটির এক বিশেষ সভায় শিক্ষক মো. আজিজুর রহমানকে রোববার (১১ অক্টোবর) থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে এক শিক্ষার্থী উক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। প্রত্যক্ষদর্শীর তথ্যমতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া পূর্বে একই রকম কয়েকটি অভিযোগে তাকে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীর জবানবন্দি, অভিভাবক ও এলাকাবাসীর আবেদন, গোপনে কর্মস্থল থেকে শিক্ষকের প্রস্থান এবং সার্বিক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মানছুর জানান, ‘এডহক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক উক্ত শিক্ষকের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।’





