নোয়াখালীর হাতিয়া উপজেলার আওতাধীন মেইন রোডের নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় সুখচর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব ইসমাঈল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকশক্তি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাতিয়া মেইন রোডের নির্মাণকাজে ২ নম্বর ইট এবং নিম্নমানের সিমেন্ট-বালু ব্যবহার করা হচ্ছিল। এই অনিয়ম চোখে পড়ায় গতকাল সুখচর ইউনিয়ন এনসিপি-র সদস্য সচিব ইসমাঈল হোসেনসহ সাধারণ জনগণ কাজটির তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা অনিয়মটি সুকৌশলে এড়িয়ে যান। পরবর্তীতে কাজের স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ জনগণ সাময়িকভাবে কাজ বন্ধ করে দেয়।
এরই জের ধরে শনিবার (১৮ জুলাই), কাজের সাব-কন্ট্রাক্টর ও হাতিয়া পৌরসভা বিএনপি নেতা ইকবাল উদ্দিন রাশেদের ছোট ভাই রুবেল উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে ইসমাঈল হোসেনের ওপর হামলা চালায়। হামলায় ইসমাঈল হোসেনের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত ও মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- হাতিয়া উপজেলার পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। একই সাথে, সরকারি কাজের অনিয়ম খতিয়ে দেখতে এবং হামলাকারী রুবেল উদ্দিনসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।









