নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জঙ্গলিয়া ঘাটে আবুল বাশার মাঝির এফবি নিশান-১ মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৯ হাজার ৫০০ পিস ইলিশ। বিপুল পরিমাণ ইলিশ ঘাটে নিয়ে আসার পর মাছগুলো প্রায় ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জঙ্গলিয়া ঘাটে ট্রলারটি পৌঁছালে বিপুলসংখ্যক ইলিশ দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পরে মাছগুলো আকার ও মান অনুযায়ী বাছাই করে স্থানীয় বাজারে বিক্রির জন্য নেওয়া হয়।
ট্রলার সংশ্লিষ্টরা জানান, সাগরে মাছ ধরার সময় জালে একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পর এমন বড় পরিমাণ ইলিশ পাওয়ায় জেলেদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। মাছগুলো বিক্রি করে প্রায় ৭ লাখ টাকা পাওয়া গেছে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, ইলিশের এমন বড় চালান ঘাটে আসায় স্থানীয় বাজারে সরবরাহ বাড়বে। একই সঙ্গে জেলে ও মাছ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।
জাহাজমারা ইউনিয়নের জঙ্গলিয়া ঘাটে একসঙ্গে প্রায় ৯ হাজার ৫০০ পিস ইলিশ ওঠার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়বাসিন্দারা বলেন, সাগরে ইলিশের উপস্থিতি বাড়ার কারণে পরিবারের অভাব দূর হয়ে ভালোভাবে চলতে পারবো।





