হাতিয়ায় নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী
- প্রকাশিত : রবিবার, ১৭ মে ২০২৬। ৭:০৪:৫৭ পিএম
দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও হাতিয়ায় মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী অর্থবছর থেকেই সরকারের ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙনকবলিত মোহাম্মদপুর ইউনিয়ন পরিদর্শনে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। তবে একই দিন হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে পানিসম্পদমন্ত্রীর পরিদর্শনের কথা থাকলেও পরে তা বাতিল করা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চোখের সামনেই মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এলাকাটি পরিদর্শনে এসেছি। বর্ষা মৌসুম সামনে রেখে ভাঙন প্রতিরোধে আমরা এরই মধ্যে জরুরি কাজ হাতে নিয়েছি। এ ছাড়া আরও দু-তিনটি পয়েন্টে দ্রুত জরুরি কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নদীর অপর প্রান্তে উড়িরচর, স্বর্ণদ্বীপ, ভাসান চরসহ পুরো হাতিয়া অঞ্চলের নদীভাঙন এলাকার দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। সেখানে অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। তবে সুবর্ণচরের এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী বাঁধের। যেখানে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে আমরা টেকসই কাজের ব্যবস্থা করব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশীদ আজাদ প্রমুখ।










