মেঘনা নদী থেকে হাতিয়ার শিশু তামিমের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড
- প্রকাশিত : বুধবার, ১০ জুন ২০২৬। ৬:০৭:২৪ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার বিকাল পৌনে ৬টায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
নিহত ছয় বছরের তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শাহাদাত। ছেলে তামিম দুপুরে তার জন্য খাবার নিয়ে যায়। এ সময় বাবার অজান্তে তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল।
একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌঁড়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি।
বুধবার সকালে ভোলা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। বিকালে কোস্ট গার্ড তামিমের মরদেহ উদ্ধার করে। ইউএনও রাসেল ইকবাল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সংবাদ | ১০ জুন ২০২৬
মেঘনা নদী থেকে হাতিয়ার শিশু তামিমের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড















