ইতালিতে হাতিয়ার সন্তান কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা
- প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬। ৯:৫৯:২১ পিএম
গত ২১ জুলাই ইতালির রোমের বাংলাদেশি-অধ্যুষিত টর পিনাত্তারায় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। বিষয়টি দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছেন যমুনা টিভির ইতালি করেসপন্ডেন্ট জাকির হোসেন সুমন।
হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এসময় হামলাকারীদের তাকে ‘মৌলবাদী‘ আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে ধরে রেখে আক্রমণের চেষ্টা করছেন। এ সময় বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন।
একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে মাটিতে ফেলে তাকে মারধর করেন তারা।
হামলার পর ভিডিওটি পোস্ট করে ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন লিখেন, ‘‘ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন এর নেতৃত্বে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর অস্ট্রেলিয়া প্রবাসী বনি আমিনকে ইতালির রোমে তরপিনাতারা এভাবে কুত্তার মত ধোলাই দেওয়া হয়।’’
ঘটনার পর আজ (বুধবার) সন্ধ্যায় বনি আমিন এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে বলে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘‘রোমের বাংলাদেশি-অধ্যুষিত Tor Pignattara এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে আমাকে একা পেয়ে কয়েকজন B.A.L কর্তৃক অতর্কিতভাবে আক্রমণের শিকার হই। আমার অভিযোগ, এটি কোনো সাধারণ বা আকস্মিক ঘটনা ছিল না; জন্মদেশ বিষয়ে আমার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশকে কেন্দ্র করেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কার কী ভূমিকা ছিল এবং এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কি না এসব বিষয় এখন সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের তদন্তের বিষয়।
ঘটনার ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে, প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁটে খুঁটে দেখছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে তদন্তের মাধ্যমেই সত্য উদ্ঘাটিত হবে এবং যারা প্রকৃতপক্ষে দায়ী, সেই B.A.Lদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্য সূত্র: দ্য ডিসেন্ট










