জুলাই বিপ্লব তারেক রহমানের ক্ষমতার জন্য হয়নি: শাহ মাহফুজুল হক
- প্রকাশিত : রবিবার, ২ আগস্ট ২০২৬। ১২:৩২:৪০ এএম
জুলাই বিপ্লব তারেক রহমানের ক্ষমতার জন্য হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে সুরা সদস্য ও হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ মাহফুজুল হক। তিনি বলেন, ‘জুলাই বিপ্লব তারেক রহমানের ক্ষমতার জন্য হয়নি, এই বিপ্লব হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য।’
শনিবার (০১ আগষ্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে হাতিয়া উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতা শাহ্ মাহফুজুল হক বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ জামায়াতকে নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ ঘোষণার পর জামায়াতে ইসলামী কোন প্রতিবাদ করেনি। কিন্তু ফ্যাসিবাদ সরকার কি জানতো ৫৬ হাজারের বেশি বর্গমাইলের দেশে তারা নিষিদ্ধ হয়ে যাবেন। আন্দোলনের দিনগুলোতে ছাত্ররা স্লোগান দিয়েছিল বৈষম্যহীন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের। রাষ্ট্র সংস্কার করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার। হাঁটি হাঁটি পা পা করে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায় সংক্রান্তে সরকারের দ্বিচারিতা তুলে ধরে তিনি আরও বলেন, একই মায়ের পেটে দুই সন্তান- একটা যদি বৈধ হয় আরেকটি কেন অবৈধ হবে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের তালবাহানা চলছে। অবিলম্বে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের প্রতিফলনের জোর দাবি জানান।
হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ তাফসির, হাতিয়া আদর্শ থানা শিবির সভাপতি আবদুল ওয়াহাব বাবু প্রমুখ।
এর আগে গণমিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিট থেকে সহস্রাধিক নেতা- কর্মী ও সমর্থক বৃষ্টি উপেক্ষা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।










