ফটো জার্নালিস্টস দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপালে হাতিয়ার কৃতি সন্তান মিনহাজ উদ্দিন ঝন্টু
- প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ৩:৫৫:৪৫ পিএম
নেপাল ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রামে নেপাল যাওয়ার সুযোগ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান মিনহাজ উদ্দিন ঝন্টু। তিনি ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এর ফটো সাংবাদিক হিসেবে চট্টগ্রামে কর্মরত রয়েছেন।
আজ শনিবার বিপিজেএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি’র তথ্যে জানা গেছে, মিনহাজ উদ্দিন ঝন্টুসহ ‘ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপাল’-এর আমন্ত্রণে ও এক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)’-এর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ১৫ আগস্ট নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সংগঠনের সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নেপালে অনুষ্ঠিতব্য বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬-এর বিভিন্ন কর্মসূচি ও দ্বিপাক্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবে। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখে দেশে ফিরে আসবেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)-এর ১২ সদস্য হলেন: সংগঠনের সভাপতি এ কে এম মহসীন, অর্থ-সম্পাদক নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সৌরভ, কার্যনির্বাহী সদস্য মাহবুব হোসেন খান নবীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য কাজী রওনাক হোসেন, সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু, সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সিনিয়র সদস্য সৈয়দ জাকির হোসেন, কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম হেলালী, চট্টগ্রাম জেলা শাখার প্রদর্শনী সম্পাদক মিনহাজ উদ্দিন ঝন্টু।










