হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
- প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬। ১২:৩০:০৮ এএম
নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে দুপেরর দিকে উপজেলার ওছখালী পুরাতন বাজার থেকে এসব জাল ও পলিথিন জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাতিয়া থানার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার দুটি দোকান ও তিনটি গোডাউন তল্লাশি করে ২৪ হাজার ২শত মিটার কারেন্ট জাল, ১ শত ৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪শত ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা।
এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা রাখা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সংবাদ | ৬ এপ্রিল ২০২৬
হাতিয়ায় যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ















