ফেসবুকে ‘The End’ লিখে জাহাজমারায় এক তরুণের আত্মহত্যা
- প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ১:০৩:৫৮ পিএম
হাতিয়া উপজেলায় মো. সাকিব উদ্দিন (২২) নামে এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘The End’ লিখে রহস্যজনক একটি পোস্ট দেওয়ার পর আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন স্থানীয় বাসিন্দা আবদুল হকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে সাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘The End’ লিখে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন, যা পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর অল্প সময়ের মধ্যেই তিনি বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, হঠাৎ এমন একটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টটি হয়তো তার মানসিক অবস্থার একটি ইঙ্গিত ছিল, যা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলে হয়তো একটি প্রাণ রক্ষা করা সম্ভব হতো।










