নোয়াখালীর হাতিয়া উপজেলায় খেজুর গাছে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আরেকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার(১৯ মে) সন্ধ্যায় উপজেলার নলচিরা দফাদার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. তামিম(১১)। সে ৭নং ওয়ার্ড দফাদার গ্রামের বাবলু মিস্ত্রির ছেলে। একই সময় ঘটনাস্থলে আহত হওয়া শিশুর নাম মো. রকি(১২)। সে একই এলাকার হোন্ডা চালক মো. সোহেলের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, দুই শিশু সন্ধ্যার সময় খেজুর পারতে খেজুর গাছে ওঠে। হঠাৎ দুই শিশু গাছ থেকে পড়ে যায়। এসময় একজন ঘটনাস্থলে মারা যায় এবং আহত শিশুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর খেজুর গাছে আগে থেকে বৈদ্যুতিক ছেঁড়া তার আঁটকে থাকতে দেখা যায়।
ঘটনার বিষয়ে হাতিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মো. মোস্তফা জানান, গতরাতে ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তার সম্পর্কে কেউ তাদেরকে জানায়নি। এক পথচারী থেকে মোবাইল ফোনে ঘটনার খবর পেয়ে দ্রুত লাইন বন্ধ করে দেই।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আহত মো. রকি চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।









