প্রধান সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে আছে -মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনা আজও দেশের মানুষের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে যতবারই গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবারই বিএনপির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারিত হয়েছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে বিএনপি জনগণের পাশে থেকে সংগ্রাম করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিকতায় যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে, তার ফলপ্রসূ রূপ হচ্ছে ৫ আগস্টের অর্জন। তিনি দাবি করেন, এই আন্দোলনের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী  আত্মার মাগফিরাত কামনা করেন।
পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা  বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী  মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও সংবাদ