নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন নিয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত। তিনি বলেন, ‘হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসউদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এটা সত্য। কিন্তু এর সাথে বিএনপির কোনো নেতাকর্মী সম্পৃক্ত নই।’
তিনি বলেন, ‘হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম নামে একজন। বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তারা দুজনই বর্তমানে আব্দুল হান্নান মাসুদের ঘনিষ্ঠ লোক। সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। এক সময় তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আর চেয়ারম্যান ঘাটের ইজারা নিয়েছেন পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার এক লোক। এদের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।’
‘নিজের লোকের অনিয়ম ঢাকতে সংসদে ও বিভিন্ন টকশোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তার মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না’— যোগ করেন এই বিএনপি নেতা।
মোকাররম বিল্লাহ শাহাদাত আরও বললেন, ‘ইতোমধ্যে ঘাটে জনপ্রতি যাত্রীদের প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছে উপজেলা বিএনপি। তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুই ঘাটের ইজারাদারকে ডেকে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন। প্রথমবার হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এখন আবার একই নিয়মে ১০ টাকা করে নেওয়া হচ্ছে।’ আমরা এই অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে আরও সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদল সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাছান প্রমুখ।





