দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন ফজলুল আজিম ও তাঁর স্ত্রী
- প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫। ৭:২৬:৪৪ পিএম
দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি তিনি।
দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। একইসঙ্গে তার স্ত্রী শামীমা আজিমও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাদের পক্ষে নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। স্বামী–স্ত্রীর একসঙ্গে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই পরিবার থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ ভোটের হিসাবকে জটিল করে তুলতে পারে।










