কৃষি মন্ত্রণালয়
কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না: কৃষি উপদেষ্টা
- প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬। ১:৫৫:১১ পিএম
কৃষকরাই জাতির মেরুদণ্ড, আমরা এ কথা মুখে বললেও কার্যক্ষেত্রে কোন প্রয়োগ নেই। আবার কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পায় না। দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেয়। আমরা কয়েকদিন হাহুতাশ করি। ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়। এ ধরনের অবস্থা হলে কৃষকরা বাঁচবে না। আর কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসর) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। সকালে ‘ট্রান্সফরমিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার ঢাকাস্থ প্রতিনিধি ড. জিকুইন শি, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো.
মুস্তাফিজুর রহমান ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মঞ্জুর হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুল হাসান প্রমুখ।
কৃষি উপদেষ্টা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি। তখন জমি বেশি ছিল কিন্তু ফসল উৎপাদন কম ছিল। বর্তমানে জনসংখ্যা ১৭ কোটি অর্থাৎ বেশি কিন্তু কৃষি জমি কমছে তবে বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে। তিনি বলেন, কৃষকরা তাদের ফসলের দাম পায় না। দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেয়। তা দেখে গণমাধ্যম কিছু প্রতিবেদন করে, আমরা সাধারণ মানুষ কিছু হাহুতাশ করি।










