হাতিয়ার ইউপি চেয়ারম্যানদের কেউ জেলে, কেউ আত্মগোপনে
- প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬। ৬:১২:৪৮ পিএম
২০২৪ সালে জুলাই গণঅভূত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতাচ্যুত হন হাতিয়া পৌরসভার মেয়র ও ১১ ইউনিয়নের চেয়ারম্যানেরা। এক সময়ের প্রবল ক্ষমতাধর এসব জনপ্রতিনিধিদের বেশিরভাগ এখন প্রকাশ্যে নেই।
কেউ রয়েছেন জেল হাজতে আবার কেউ রয়েছেন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে। ক্ষমতার পালা বদলের পর তাদের প্রত্যেককে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে। তবে তাঁদের দুইজন-নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুরুল্লা শিবলী ও চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাইম উদ্দিন আহমেদ মামলামকদ্দমা মোকাবিলা করে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান আজহার উদ্দিন জামিনে মুক্ত আছেন এবং চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ জেল হাজতে রয়েছেন বলে জানান হাতিয়া থানা পুলিশ প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম পরিষদের দায়িত্ব পালন ছাড়াই এলাকায় রয়েছেন। হাতিয়ার পৌরসভার মেয়রসহ অপর ৭জন ঢাকা, কুমিল্লা ও জেলা সদর এলাকায় আত্মগোপনে আছেন। এদের মধ্যে- হরণী ও সুখচর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন এবং আলাউদ্দিন নোয়াখালীর মইজদী এলাকায় আছেন। তমরুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ উদ্দিন কুমিল্লায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত পৌরসভার মেয়র কেএম ওবায়দুল্লাহ বিপ্লব ঢাকার মীরপুর-২ এ প্লাট কিনে পরিবার নিয়ে বসবাস করছেন। তার কাছাকাছি এলাকায় বসবাস করেন নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন।
এছাড়া সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান রাজধানীর উত্তরা এলাকায় এবং জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান মাছুম বিল্লাহ রামপুরা-বনশ্রী এলাকায় আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে চারজন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে- সাবেক বর্তমান মিলে এখন পর্যন্ত তিনজন চেয়ারম্যান বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের সঙ্গে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। অন্যান্যরা পরিস্থিতির আলোকে মাঠে ভূমিকা নেবেন।
প্রধান সংবাদ | ১০ ফেব্রুয়ারি ২০২৬
হাতিয়ার ইউপি চেয়ারম্যানদের কেউ জেলে, কেউ আত্মগোপনে










