ঈদকে ঘিরে হাতিয়ায় জমে উঠেছে বেচাকেনা
- প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬। ১১:১৯:২৬ এএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়া উপজেলায় জমে উঠেছে ঈদের বাজার। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা।
সম্প্রতি ওছখালী শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন ক্রেতারা। শহরের প্রধান প্রধান মার্কেট, পোশাকের দোকান, জুতার দোকান, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি।
ওছখালী বাজারে কেনাকাটা করতে আসা স্থানীয় বাসিন্দা মো. নুরউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে নিজের ও পরিবারের জন্য নতুন পোশাক কিনতে বাজারে এসেছি। বাজারে অনেক ভিড়, তবে পছন্দের জিনিসও পাওয়া যাচ্ছে।
আরেক ক্রেতা সেলিনা আকতার বলেন, “শিশুদের জন্য ঈদের কেনাকাটার আলাদা আনন্দ আছে। তাই পরিবারের সবাইকে নিয়ে বাজারে এসেছি। তবে আগের তুলনায় কিছু পোশাকের দাম একটু বেশি মনে হচ্ছে।”
স্থানীয় এক ব্যবসায়ী হাজী নাজিম সওদাগর বলেন, “রোজার শুরুতে বাজারে তেমন ভিড় ছিল না। কিন্তু ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের চাপ বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভালো বেচাকেনা হচ্ছে। আশা করছি ঈদের আগের কয়েকদিন আরও বেশি বিক্রি হবে।”
ঈদের আনন্দকে ঘিরে কেনাকাটায় কোনো কমতি রাখছেন না ক্রেতারা। শিশু-কিশোরদের মধ্যেও ঈদের কেনাকাটার উৎসাহ চোখে পড়ার মতো। সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে হাতিয়ার বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।










