হাতিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা
- প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬। ৫:০৬:৪০ পিএম
গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আল মামুন,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইমদাদুল হক, হাতিয়া থানা তদন্ত ওসি আনিছুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো.ফিরোজ উদ্দিন, সাংবাদিক ইফতেখার হোসেন, ছায়েদ আহামেদ ও রাসেল মাহমুদ প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাক-হানাদার ও এদেশীয় তাদের দোসরদের দ্বারা সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে নতুন ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গণহত্যার বিষয়ে জানার প্রয়োজনীতা উল্লেখ করেন।
বক্তারা বলেন, ২৫ মার্চের সেই ভয়াল রাতে পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম গণহত্যা সংঘটিত করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “আজ থেকে আমিও হাতিয়ার একজন বাসিন্দা। এ উপজেলার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শৃঙ্খলা, সহযোগিতা ও ন্যায়বিচার নিজের ঘর থেকেই শুরু করতে হবে। আমরা কেউ কাউকে ঠকাব না, বঞ্চিত করব না—এই মানসিকতা নিয়ে কাজ করলে হাতিয়াকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।










