হাতিয়া দ্বীপের ঐতিহ্যবাহী আডোরা নিয়ে উৎসব হবে ঢাকায়
- প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল ২০২৬। ১০:৫৯:১৫ এএম
নোয়াখালী হাতিয়া উপজেলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকাস্থ হাতিয়া যুব ফোরাম। আগামী ৮ মে শুক্রবার ১৮ পদের শাক-সবজির সমাহারে বিশেষ এ খাবার নিয়ে ‘আডোরা উৎসব’ এর আয়োজন করছে সংগঠনটি। অনুষ্ঠান সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলরুমে অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা বলছেন, এই আডোরা উৎসব একসময় বাঙালির গ্রামীণ জীবনের প্রাণের অংশ হলেও বর্তমান সময়ের অনেক তরুণ প্রজন্ম এ সম্পর্কে খুব কমই জানে। সেই হারানো ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনতেই এই আয়োজন।
ঢাকাস্থ হাতিয়া যুব ফোরামের সভাপতি আরসানুল বারি জুয়েল হাতিয়া কন্ঠকে বলেন,’আবহমান বাংলার ঐতিহ্যবাহী আডোরা উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। যাতে থাকে বৈশাখের আনন্দ মাখা নতুন ১৮ পদ শাক-সবজির সমাহারে সুন্দর একটি খাবার। যা ঐতিহ্যের খাবার হিসেবে সবাই খেতো। মানুষ যেটা ভুলতে শুরু করেছে। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম এই উৎসবের সঙ্গে পরিচিত হোক এবং নিজেদের শেকড়কে চিনতে শিখুক।’
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব বলেন, ‘ঢাকায় বসবাসরত হাতিয়ার মানুষদের জন্য এটি হবে এক নতুন আনন্দ, নতুন অনুভূতি। এই আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করতে চাই।’
আডোরা উৎসবে অংশ নিতে হাতিয়া যুব ফোরাম ৫০০ টাকা
রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করেছে। আগ্রহীরা আগামী ৫ মে এর মধ্যে রেজিস্ট্রেশনের করার সুযোগ পাবেন। আডোরা খাওয়ার পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারীরা উপভোগ করতে পারবেন_গ্রামীণ লোকজ মেলা, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষনীয় ড্র প্রোগ্রাম।
প্রধান সংবাদ | ২০ এপ্রিল ২০২৬
হাতিয়া দ্বীপের ঐতিহ্যবাহী আডোরা নিয়ে উৎসব হবে ঢাকায়
















