হাজী ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি: নিরাপত্তা জোরদারের তাগিদ
- প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬। ৩:৩৮:৫১ পিএম
হাতিয়া উপজেলার সোনাদিয়ায় হাজী ফজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কক্ষে অবস্থিত সিলিং ফ্যান নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষকরা এসে দেখেন একটি শ্রেণীকক্ষের তালা ভাঙা। চোরেরা শ্রেণীকক্ষে থাকা সিলিং ফ্যান গুলো নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই চুরির ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। বৈঠকে এলাকার মুরুব্বিরা বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত তাগিদ দেন। তাদের মধ্যে প্রধান পরামর্শগুলো হলো— নিম্নমানের তালার পরিবর্তে উন্নতমানের আধুনিক ‘অ্যান্টি-কাট’ তালা ব্যবহার করা এবং রাতের বেলা বিদ্যালয় প্রাঙ্গণে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। তারা জানান, অন্ধকারে চোরদের কাজ করা সহজ হয়, তাই রাতে বাতি জ্বালিয়ে রাখলে চুরির ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জেসমিন আরা বেগম বলেন, “আমরা চুরির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। এলাকাবাসীর পরামর্শ অনুযায়ী আমরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করার উদ্যোগ নিচ্ছি।”
এলাকাবাসী ও সচেতন মহল এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষে প্রধান শিক্ষককে প্রশাসনের সহায়তা নেয়ার অনুরোধ করেছেন।










