হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কঠোর উদ্যোগ
- প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬। ১১:০৮:৫০ এএম
নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অভিভাবক এবং সচেতন মহল।
সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে সন্তোষজনক উপস্থিতি না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে একাধিকবার সতর্কতা জারি করা হলেও অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছে না। এ পরিস্থিতি মোকাবিলায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে উপস্থিতির হার ৭৫ শতাংশের নিচে থাকলে তাদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
এছাড়া, ডিগ্রি (পাস) ও অনার্স শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত না হলে তাদের ফরম পূরণ করার সুযোগ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সচেতন মহলের মতে, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের ফলাফল উন্নত হওয়ার পাশাপাশি কলেজের শিক্ষার মানও বৃদ্ধি পাবে।










