ছাত্রদলের কমিটি ঘোষণার পর নোয়াখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
- প্রকাশিত : সোমবার, ৪ মে ২০২৬। ৯:৪২:৫০ পিএম
ছাত্রদলের কমিটি ঘোষণার পর নোয়াখালীতে সংগঠনটির পদবঞ্চিত নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। নোয়াখালী জেলা শহর মাইজদীতে আজ সোমবার দুপুরে কয়েক শ নেতা-কর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটে।
সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এবং প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাঁরা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের দিয়ে নতুন করে কমিটি গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর কর্মসূচি প্রণয়নের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের ঘোষণা দেন।
শহরের টাউন হল মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতির পদ পাওয়া আনোয়ার হোসেন ওরফে রকি, একই কমিটির সহসভাপতি শাহেদ চৌধুরী ওরফে বাবু, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিম, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। জেল খেটেছি, নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। কিন্তু নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের মূল্যায়ন করা হয়নি। কমিটি গঠনে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। রাতের অন্ধকারে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।’
টাউন হল মোড়ের বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা নোয়াখালী প্রেসক্লাবে যান। সেখানে তাঁরা বেলা একটার দিকে সংবাদ সম্মেলন করে নবগঠিত জেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করেন। এ সময় শাহেদ চৌধুরী, আকবর হোসেন, মো. ওয়াসিমসহ নব গঠিত কমিটির বিভিন্ন পদে থাকা ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগী নেতারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা না হলে তাঁরা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গণপদত্যাগ কর্মসূচি পালন করবেন।
নোয়াখালী | ৪ মে ২০২৬
ছাত্রদলের কমিটি ঘোষণার পর নোয়াখালীতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ


















