এমপির জন্য দুই ঘন্টা ফেরী আটকে রাখার অভিযোগ, তবে হান্নান মাসউদ জানালেন বিশৃঙ্খলা করেছে একটি স্বার্থান্বেষী মহল
- প্রকাশিত : সোমবার, ১ জুন ২০২৬। ১:১৭:২৮ এএম
নোয়াখালীর হাতিয়ায় নলচিরা টু চেয়ারম্যান ঘাট রুটে স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই ঘন্টা পর ফেরী ছাড়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষ অনেকে পোস্ট করেছেন। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ হাতিয়া কন্ঠকে জানিয়েছেন, তিনি নির্দিষ্ট সময় নলচিরা ফেরি ঘাটে পৌঁছান। বরং ফেরিতে ওঠার পর তাকে পৌনে এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।
রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর করা অবস্থায় ফেরী ‘মহানন্দা’ তে এসব ঘটনা ঘটে। ফেরি দেরিতে ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরিতে ঘটে যাওয়া ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে কিছু মানুষের সঙ্গে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়, সাংসদ আবদুল হান্নান মাসউদকে।
রোববার মধ্যরাতে সংসদ সদস্যের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট সংসদ সদস্যকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এমপি ঘাটে পৌঁছানোর আগেই ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাট সংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
বিরোধী দলীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ হাতিয়া কন্ঠকে বলেন, হাতিয়াবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফসল হিসেবে এই ফেরি সেবা চালু হলেও একটি চক্র শুরু থেকেই ফেরি ব্যবস্থাপনাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে।
নির্ধারিত সময়েই ফেরি চলাচল করবে জানিয়ে তিনি বলেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি—কারো জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না। ফেরিঘাটকে কেন্দ্র করে যারা কালো সিন্ডিকেট গড়ে তুলেছে এবং সাধারণ যাত্রীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান হান্নান মাসউদ।
এদিকে ফেরী মহানন্দার মাস্টার মোজাম্মেল হক জানান, ৫টা ৪০ মিনিটে ফেরী মহানন্দা নলচিরা ঘাটে পৌঁছে। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। আমাদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এমপি সাহেব আসবেন ফেরী ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দেয়নি। এনিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে উঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসি। তবে স্বাভাবিক সময়ের তুলনা ৪৫ মিনিট বা এক ঘন্টা দেরি হয়েছে।
প্রধান সংবাদ | ৩১ মে ২০২৬
এমপির জন্য দুই ঘন্টা ফেরী আটকে রাখার অভিযোগ, তবে হান্নান মাসউদ জানালেন বিশৃঙ্খলা করেছে একটি স্বার্থান্বেষী মহল









