হাতিয়া দ্বীপে টেকসই ব্লক বাঁধ তৈরির দাবিতে মানববন্ধন
- প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬। ৮:০৭:৫৪ পিএম
নোয়াখালীর হাতিয়া দ্বীপে জরুরি ভিত্তিতে টেকসই ব্লক বাঁধ তৈরির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেল হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে ‘হাতিয়া উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দাঁড়িয়ে বক্তারা তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও বেদনার কথা তুলে ধরেন। তারা বলেন, চারদিকে নদীবেষ্টিত হাতিয়া উপজেলাটি বছরের পর বছর ধরে তীব্র নদী ভাঙনের শিকার। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই মেঘনার নিষ্ঠুর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার একর ফসলি জমি, মাথা গোঁজার ঠাঁই, স্বপ্নের বিদ্যালয়, ধর্মীয় উপাসনালয় এবং শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার। হাজারো পরিবার আজ নিজেদের সবকিছু হারিয়ে নিজ ভূমিতেই উদ্বাস্তু ও বাস্তুহারা হয়ে যাযাবরের মতো মানবেতর জীবনযাপন করছেন।
হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি সভাপতি এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক তার বক্তব্যে বলেন, ”হাতিয়া এ দেশের মানচিত্রে এক অনন্য ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু নদী ভাঙন যেভাবে এই প্রাচীন দ্বীপকে গিলে খাচ্ছে, তাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দেশের মানচিত্র থেকেই হাতিয়া হারিয়ে যাবে। আমরা আর কোনো মিথ্যা আশ্বাস বা কালক্ষেপণ দেখতে চাই না। সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের আকুল আবেদন—মানবিক দিক বিবেচনা করে অতি দ্রুত হাতিয়াকে রক্ষায় স্থায়ী ব্লকবাঁধের মেগা প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করুন।”
মানববন্ধনের সমন্বয়ক আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সামাজিক সংগঠনের নেতা আবদুর রব জুয়েল, হাতিয়া দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মো. আশিকুল ইসলাম, সামাজিক সংগঠক আয়াত হোসেন, হাতিয়া পৌরসভা জামায়াত ইসলামীর আমির জনাব মাওলানা তাওফিকুল ইসলাম, হরণী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা তারিফুল মাওলা, শ্রমিক নেতা ওমর ফারুক, হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ী মনিরুদ্দীন আশ্রাফ, হাদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবদুল কাইয়ুম প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে দ্বীপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।










