হাতিয়ায় ব্যবসায়ীদের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
- প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬। ৯:২০:০৬ পিএম
নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা ব্যবসায়ীদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আলী বাজার বণিক সমিতির সভাপতি জাফর উল্যা, সাধারণ সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের ব্যবসায়ী ও সাধারন মানুষ।
মানববন্ধনে জানানো হয়, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা চালায়। এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া, হেলাল ও এক পথচারীসহ ৬ জন আহত হয়। এদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রশাসনকে দেওয়া হয়েছে।










