প্রধান সংবাদ

হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন এম দিলদার উদ্দিন: স্মরণসভায় বক্তারা

পাক্ষিক হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক এম দিলদার উদ্দিন নোয়াখালীর হাতিয়া দ্বীপের পথিকৃৎ সাংবাদিক ছিলেন বলে মন্তব্য করেছেন হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম। তিনি বলেন, দিলদার উদ্দিন হাতিয়া উপজেলার পথিকৃৎ সাংবাদিক ছিলেন। তাঁর হাত ধরে উপজেলার প্রথম নিবন্ধিত পত্রিকা হাতিয়া কণ্ঠ প্রকাশিত হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে ‘হাতিয়া কণ্ঠ পরিবার’ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ২ জুলাই এম দিলদার উদ্দিন নোয়াখালীর একটি হাসপাতালে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন।

খোন্দকার আবুল কালাম বলেন, এম দিলদার উদ্দিন ছিলেন একজন নির্ভীক, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘হাতিয়া কণ্ঠ’ স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে হাতিয়া কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার হোসেন তুহিনের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেয় হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন, কমিউনিস্ট পার্টির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাইন উদিন লেলিন, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

স্মরণসভায় বক্তারা এম দিলদার উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হাতিয়ার সাংবাদিকতা, সমাজসেবা ও জনস্বার্থে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহিম, সমকালের এম শাখাওয়াত হোসেন, সংগ্রাম পত্রিকার আমির হামজা, বৈশাখী টেলিভিশনের জিল্লুর রহমান রাসেল, আগামীর সময়ের ছায়েদ আহমদ, খবরের কাগজের হানিফ উদ্দিন সাকিব প্রমুখ।

স্মরণসভায় এম দিলদার উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ