নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাদক (গাঁজা) সেবন এবং সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে গাঁজা রাখার দায়ে মো. সোহেল (৩৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট আবদুল কাদের সামারি ট্রায়ালের মাধ্যমে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে হাতিয়া পৌরসভার রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের ক্যান্টিনের পেছনে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে আটকে রাখার খবর পেয়ে সাগরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মো. সোহেল (৩৫) হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকার হাতিয়ালার গো-বাড়ির মৃত কামরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সোহেল গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা দায়ের করা হয়।
পরে মামলাটি সামারি ট্রায়ালের মাধ্যমে নিষ্পত্তি করে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।









