প্রধান সংবাদ

দেশের সর্বোচ্চ বৃষ্টি হাতিয়া দ্বীপে, পানিবন্দী জনজীবন

বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় হাতিয়া উপজেলায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলীয় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমেছে। কোথাও কোথাও যান চলাচলেও বিঘ্ন ঘটছে। এ ছাড়া কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় ধানের বীজতলা, শাক-সবজি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

হাতিয়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায়ও উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে চলাচল না করতে এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে স্থানীয়দের অনুরোধ জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ