নোয়াখালীর বেগমগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে তরুণীদের এনে আটকে রেখে জোরপূর্বক পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চার তরুণীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের সরঞ্জাম, মোবাইল ফোন, নগদ টাকা ও নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা –মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, তাদের দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছিল।





