নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে আজাদ হোসেন (৩৪) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় দড়ি প্যাঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজাদ হোসেন কবিরহাট পৌরসভার দক্ষিণ ঘোষবাগ গ্রামের প্রয়াত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।





