শিরোনাম
প্রধান সংবাদ

জাগলার চরে বন বিভাগের জমি দখল-প্রতারণা, গ্রেপ্তার ২

আরও পড়ুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরে অবৈধ অনুপ্রবেশ, বন উজাড় করে বন বিভাগের জমি দখল, সরকারি জমি ক্রয়-বিক্রয় এবং বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাতিয়া থানায় বন বিভাগের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাতিয়ার সুখচর ইউনিয়নের উত্তর শূল্যকিয়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. এনায়েত হোসেন ওরফে এনায়েত খলিফা (৫৬) এবং চর কিং ইউনিয়নের কলাপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো. রুবেল (৩০)।

জাগলার চরে বন বিভাগের জমি দখল-প্রতারণা, গ্রেপ্তার ২
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হাতিয়া থানার সুখচর সংলগ্ন মেঘনা নদীর বুকে জেগে ওঠা জাগলার চরের ম্যানগ্রোভ ফরেস্ট সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে অবস্থান নেন। তারা বন বিভাগের জমি দখলের পাশাপাশি বন উজাড় করে সেখানে বসতি স্থাপনের চেষ্টা করেন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভূমিহীন, দরিদ্র ও অসহায় মানুষকে বন বিভাগের জমি বন্দোবস্ত দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ‘দাগ বিক্রির’ নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবৈধভাবে অবস্থানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সরকারি কাজে বাধা দেন এবং কর্মকর্তাদের ওপর আক্রমণের চেষ্টা, বল প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় বন বিভাগের অভিযোগের পর হাতিয়া থানায় মামলা নম্বর-১৮, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬, বন আইন ১৯২৭-এর সংশ্লিষ্ট ধারাসহ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “জাগলার চরে অবৈধভাবে অবস্থান, সরকারি জমি দখল ও ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিভাগের আরও সংবাদ