নোয়াখালীর হাতিয়ায় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় মো. আজিম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকালে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
নিহত আজিম পৌরসভার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের একমাত্র ছেলে। প্রতিদিনের মতোই কৌতূহলী শিশু আজিম বিকালে সড়কে চলমান নির্মাণকাজ দেখতে যায়।
স্থানীয়দের জানায়, রোলার চলাকালে অসাবধানতাবশত আজিমের একটি পা রোলারের নিচে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ জানিয়ে আমি সকালে চালককে সাবধানে কাজ করতে বলেছিলাম। তবুও অসতর্কতার কারণেই আজ আমার ছেলেকে হারাতে হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসন ও পৌরসভা নিহত শিশুর পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।





