নোয়াখালীর কবিরহাট উপজেলা
নোয়াখালীতে দোকানে ঢুকল তেলের লরি, ব্যবসায়ীর মৃত্যু
- প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬। ৪:১০:১৩ পিএম
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার দুই ছেলেসহ তিনজন।
শুক্রবার সকাল ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সোন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা।
নিহত শফিকুর রহমান (৬২) সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন- তার দুই ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান (২০) ও স্থানীয় ব্যবসায়ী সোহাগ।
স্থানীয়রা জানান, সকালে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা ওয়েলের তেলবাহী একটি লরি কবিরহাটের দিকে যাচ্ছিল।
অন্যদিকে সকালে মোটরসাইকেলে দুই ছেলেসহ বানদত্ত ট্রান্সমিটায় এলাকার নিজেদের দোকানে যান শফিকুর রহমান। বেলা ১১টার দিকে দুই ছেলেকে কবিরহাট বাজারে পাঠানো নিয়ে দোকানের সামনে বসে কথা বলছিলেন তিনি। এ সময় তেলবাহী লরিটি শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তার দুই ছেলেকে চাপা দিয়ে পাশ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই শফিকুর রহমান মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শফিকুরের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
ওসি নিজাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের সড়ক অবরোধ
ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করে রাখেন। তারা বলেন, সড়কটির আশপাশে চার-পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পড়ালেখা করে এবং প্রতিদিন এ সড়ক পারাপার হতে হয় তাদের। অথচ সম্প্রতি সড়কটি সম্প্রসারণের স্থানীয় লোকজনের দাবির পরও সড়ক বিভাগ এখানে কোন স্পিড ব্রেকার দেয়নি।
পরে স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম ও কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোড়ে স্পিড ব্রেকার বা ফুটওভার ব্রিজ স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
নোয়াখালী | ২০ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীতে দোকানে ঢুকল তেলের লরি, ব্যবসায়ীর মৃত্যু
















