সংসদে হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি
- প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬। ৭:৪৪:৩২ পিএম
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জাতীয় সংসদে মিথ্যাচারপূর্ণ ও উগ্র বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে হাতিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ওছখালীতে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লা শাহাদাত, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট নুর হোসেন সুমন ও পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী চানন্দী ইউনিয়নে ধর্ষণের মিথ্যা ঘটনা সাজিয়ে সারাদেশে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। একইসঙ্গে তাদের দাবি, সংশ্লিষ্ট একটি ঘটনার জের ধরে জাতীয় সংসদে বিভ্রান্তিকর ও উগ্র বক্তব্য প্রদান করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধেও অপমানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের মিথ্যাচার ও অশালীন বক্তব্যের জন্য সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় চার সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন।
প্রধান সংবাদ | ৩১ মার্চ ২০২৬
সংসদে হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ, ক্ষমা চাওয়ার দাবি










