মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক খালেদ কনক
- প্রকাশিত : শুক্রবার, ৫ জুন ২০২৬। ৫:৪৫:৫০ পিএম
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. খালেদ কনক। এর আগে বিসিএস (মৎস্য) ক্যাডার ড. মো. খালেদ কনক মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৪ জুন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা ও মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) ড. মো. খালেদ কনককে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক খালেদ কনক বলেন-ডিজি কোনো ব্যক্তি নয়, এ পদটি নিজেই একটি প্রতিষ্ঠান। সবার আন্তরিক সহযোগিতায় এ প্রতিষ্ঠান সুনামের সহিত আরও এগিয়ে যাবে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পরবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. হাসানুজ্জামানের স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি জিয়া হায়দার চৌধুরীকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) হিসেবে পদায়ন করা হয়েছে।
জাতীয় | ৫ জুন ২০২৬
মৎস্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক খালেদ কনক













