দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপি আহবায়ক মাহবুবু আলমগীর আলো প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এই সময় জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বক্তব্য রাখেন। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





