নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ‘হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালী’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর) নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হাতিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।
সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাতিয়া যুবকল্যাণ পরিষদ, নোয়াখালীর সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম। এ ছাড়া সংগঠনের উপদেষ্টামণ্ডলী, নোয়াখালীস্থ হাতিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং হাতিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, স্থানীয় মানুষের জীবন-সংগ্রাম এবং হাতিয়ার উন্নয়নে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নদী পেরিয়ে দেশের মূল ভূখণ্ডে উচ্চশিক্ষার জন্য আসা হাতিয়ার শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা ও সংগ্রামের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
আয়োজকেরা জানান, ২০০১ সালের ২৬ আগস্ট ‘হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালী’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মূল ভূখণ্ডে পড়তে আসা হাতিয়ার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করে আসছে। শিক্ষা সহায়তার পাশাপাশি নোয়াখালী জেলা সদরে চিকিৎসা নিতে আসা হাতিয়ার রোগীদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহায়তা, স্বেচ্ছায় রক্তদান এবং হাতিয়ার নৌপরিবহন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।









