নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষি অফিসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাতিয়ার ওছখালীর আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ফয়জুল বারী তারীফ অভিযোগ করেন, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণে অনিয়মের বিষয়ে তথ্য জানতে এবং বঞ্চিত প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে জামায়াতের আটজন ওয়ার্ড সভাপতি উপজেলা কৃষি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালান। এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হন। এ ছাড়া তাঁদের রক্ষা করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’ আতিকুল ইসলাম লিটনও আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা, অভিযুক্ত দুই কৃষি কর্মকর্তার ভূমিকা যাচাই করা, যুবদলের উপজেলা আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্যসচিব আব্দুল হালিমসহ হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা, আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে সাধারণ মানুষের নির্বিঘ্নে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
উপজেলা কৃষি অফিসে হামলার ঘটনা নিয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ পাক্ষিক হাতিয়া কন্ঠকে জানান, ‘ঘটনার সময় তিনি উপজেলা কৃষি অফিসে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উধ্বর্তন কর্তৃপক্ষ জানতে চেয়েছেন, তিনি লিখিত জবাব দেবেন।’





