সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত দ্বীপ হাতিয়া’ প্রতিষ্ঠার এক দশক পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ২৩ নভেম্বর হাতিয়া উপজেলার একঝাঁক তরুণ ও উদ্যমী ছাত্র-যুবকের উদ্যোগে যাত্রা শুরু সংগঠনটি। আজ সোমবার (২৩ নভেম্বর) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সংগঠনের সদস্যরা।
সংগঠনের মহাপরিচালক লায়ন মোহাম্মদ আলী এক বার্তায় জানান, ২০১৭ সালের শুরুর দিকে প্রতিষ্ঠাতা এ এইচ আকাশ তাঁকে সংগঠন পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন। সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পর হাতিয়ার মৌলিক সমস্যা সমাধানের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে তাঁদের কার্যক্রম শুরু হয়। ‘হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক ফজলে আজিম তুহিনের সহযোগিতায় আয়োজিত ওই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও মানবিক সংগঠকরা অংশ নেন।
পরবর্তী সময়ে হাতিয়ার মৌলিক অধিকার আদায়ের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও হাতিয়ায় বিভিন্ন কর্মসূচিতে একক ও যৌথভাবে সক্রিয় ভূমিকা পালন করে সংগঠনটি। পাশাপাশি দ্বীপের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমও পরিচালনা করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লায়ন মোহাম্মদ আলী বলেন, আগামীতেও সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় রয়েছে সংগঠনের। দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য দাতা, শুভাকাঙ্ক্ষী, সদস্যসহ হাতিয়ার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।





