নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ড্রেজার মেশিন বসিয়ে উর্বর কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, একলাশপুর ইউনিয়নের ২৩৩ নং কামদেবপুর মৌজার ১১৩১, ১১৩২ এবং ১৩৩ নং দাগের উর্বর ‘নাল’ (কৃষি) জমিতে ড্রেজার মেশিন বসিয়ে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, এভাবে বালু উত্তোলনের ফলে নির্দিষ্ট দাগের জমিগুলো পুরোপুরি ধ্বংস হওয়ার পাশাপাশি চারপাশের অন্যান্য কৃষিজমি ঝুঁকিতে পড়েছে। এছাড়া, ড্রেজারের বিকট শব্দের কারণে এলাকার পরিবেশ ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, অব্যাহত বালু উত্তোলনের কারণে ইতোমধ্যে প্রায় ৩০০ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের আশঙ্কা, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এলাকার কৃষি উৎপাদন ও বহু কৃষক পরিবারের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসীর পক্ষে ফাহিম মুস্তাকিমসহ স্থানীয়রা সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। তারা সরেজমিন তদন্ত সাপেক্ষে কামদেবপুর মৌজার কৃষিজমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





