নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বহুল কাঙ্ক্ষিত জাহাজমারা-মোক্তারিয়াঘাট সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম এবং স্থানীয় এক শিক্ষকের সাথে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীর অসদাচরণের প্রতিবাদে ৩ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হাতিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এনসিপি’র হাতিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাহেদ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজমারা-মোক্তারিয়াঘাট সড়ক নির্মাণকাজে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী বশির আহমেদ স্থানীয় পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ মাষ্টারের সাথে অনাকাঙ্ক্ষিত ও উদ্ধত আচরণ করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনটি জনস্বার্থ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে ৩ দফা দাবি উত্থাপন করেছে।
এনসিপির ৩ দফা দাবিসমূহ হলো:
১. দৃষ্টান্তমূলক ব্যবস্থা: শিক্ষক জনাব আশরাফ মাষ্টারের সাথে অসদাচরণের দায়ে বশির আহমেদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তি প্রদান করতে হবে।
২. প্রকৌশলী নিয়োগ: হাতিয়ায় সড়ক ও জনপথ বিভাগের সকল কাজ সুষ্ঠু ও টেকসইভাবে সম্পন্ন করার লক্ষ্যে একজন স্থায়ী দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নিয়োগ করতে হবে।
৩. তথ্যবোর্ড স্থাপন: কাজের স্বচ্ছতা ও জনগণের তদারকি নিশ্চিত করতে প্রতিটি উন্নয়নকাজের সাইটে বিস্তারিত বিবরণ সম্বলিত ‘তথ্যবোর্ড’ ঝুলানো বাধ্যতামূলক করতে হবে।





