নোয়াখালীর হাতিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদেরকে শরদীয় শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পক্ষ থেকে ৩৪টি পুজামন্ডপের জন্য তিন লাখ ৪০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্ল্যাহ শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মইনুদ্দিন। বাংলাদেশ পুজা উদযাপন ফন্টের হাতিয়া শাখার সভাপতি উত্তম সাহা, সাধারণ সম্পাদক সহদেব রায় সহ হাতিয়া ৩৪টি পুজামন্ডপের সভাপতি ও সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক ধর্ম যার যার-রাষ্ট্র সবার, ধর্ম যার যার-নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশ রক্ষার দায়িত্ব দলমত নির্বিশেষে সকলের। হাতিয়া উপজেলা বিএনপি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবসময় এ অঙ্গীকার পালন করে আসছে এবং আগামী দিনগুলোতে সেই ধারা অব্যাহত রাখবে। দুর্গাপুজায় উৎসব যেন সুন্দর ও সফলভাবে সমাপ্তি করা যায় যাতে করে সরকারের কোন বদনাম না হয়। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা স্ব স্ব এলাকায় পুজায় সার্বিক সহযোগিতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভূমিকা রাখবে।
হাতিয়া উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৩৪টি পুজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমের পক্ষ থেকে প্রতিটি পুজা মন্ডপের জন্য নগদ দশ হাজার টাকা এবং সংরক্ষিত মহিলা আসনে হাতিয়ায় দায়িত্ব প্রাপ্ত এমপি মাধবী মার্মা সরকারিভাবে প্রতিটি মন্ডপের জন্য উপহার হিসেবে পাঠানো কিছু শাড়ী তুলে দেন মন্ডপের দায়িত্বশীলদের হাতে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, আশিক ইকবাল, সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।





