নোয়াখালীর সদর উপজেলায় মো. কবির হোসেন নামে প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে নোয়াখালী সুধারাম থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এই ঘটনাই পুলিশ ও এসআরবি যৌথ উদ্যোগে চারজনকে আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় গাছের সাথে বেঁধে তাকে মারধর করা হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুরের একটি ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগে কবিরকে আটক করে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে আহত অবস্থায় বেঁধে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।





