অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘অপরাধের বিপরীতে তরুণ প্রজন্মকে দাঁড়াতে হবে, তাহলে চালের দামও বাড়বে না। ডালের দামও বাড়বে না। আর আমাদের অসুবিধা হবে না ইনশাআল্লাহ।’
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজনীতি নিয়ে তরুণদের প্রচলিত ধারণা বদলানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “এই জেনারেশনকে ‘আই হেট পলিটিক্স’ থেকে বের করে এনে বলতে হবে ‘আই লাভ পলিটিক্স’। কারণ, শহরের আবহাওয়া দূষিত হবে নাকি বিশুদ্ধ হবে, পানির দাম কমবে বা বাড়বে কিংবা চালের দাম কত হবে—সবকিছুই রাজনীতিবিদ ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।”
তরুণদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি-সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, সুকৌশলে একটি প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে চোর, ডাকাত ও সন্ত্রাসীদের রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। ভালো মানুষগুলো রাজনীতিবিমুখ হওয়ায় সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।





