শিরোনাম
প্রধান সংবাদ

হাতিয়ায় ১৫ দিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎ বিভাগের জরুরি বিজ্ঞপ্তি

হাতিয়া উপজেলায় ১৫ দিন সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে এবং ঘটতে পারে সম্ভাব্য লোডশেডিং। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি জেনারেটর রক্ষণাবেক্ষণের কারণে শিডিউল করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাতিয়া বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি আইপিপি প্রতিষ্ঠান ‘দেশ এনার্জি হাতিয়া পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর এইচএফও ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১নং জেনারেটরের যান্ত্রিক রক্ষণাবেক্ষণের জন্য জরুরি ভিত্তিতে ‘টপ ওভারহোলিং’ কাজ শুরু হয়েছে। আজ ১০ নভেম্বর থেকে আনুমানিক ১৫ দিন এই মেরামত কাজ চলবে। এই সময়ে জেনারেটরটি বন্ধ থাকায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে ৫.৫০ মেগাওয়াটে নেমে আসবে।

​লোডশেডিংয়ের সময় ও সম্ভাব্য পরিমাণ:
​উৎপাদন ক্ষমতা হ্রাসের ফলে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখতে ১০টি ১১ কেভি ফিডারের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নিম্নরূপ লোডশেডিং হতে পারে:
​সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত: এই সময়ে বিদ্যুতের গড় চাহিদা থাকে প্রায় ৭.৫০ থেকে ৮.০০ মেগাওয়াট/ঘণ্টা। উৎপাদন হ্রাস পাওয়ায় এই সময়ে গড়ে প্রায় ২.০০ থেকে ২.৫০ মেগাওয়াট/ঘণ্টা লোডশেডিং হতে পারে।
​রাত ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত: এই সময়ে বিদ্যুতের গড় চাহিদা থাকে প্রায় ৬.৫০ থেকে ৭.০০ মেগাওয়াট/ঘণ্টা। এই সময়ে গড়ে প্রায় ১.০০ থেকে ১.৫০ মেগাওয়াট/ঘণ্টা লোডশেডিং হতে পারে।
​
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ​মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ অঞ্চলে জাতীয় গ্রিডের কোনো সংযোগ বা বিকল্প বিদ্যুৎ উৎস না থাকায় এখানকার প্রায় ৩৯ হাজার গ্রাহক পুরোপুরি এই বিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরশীল। নিঝুম দ্বীপসহ পুরো এলাকার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ আবাসিক গ্রাহকদের কথা মাথায় রেখে বিদ্যুৎ বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
​
এবিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-হাতিয়া’র নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন হাতিয়া কন্ঠকে বলেন,”সাময়িক এ অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গ্রাহকদের ধৈর্য, সহযোগিতা ও বিদ্যুৎ ব্যবহারে দায়িত্বশীল আচরণ কামনা করছি।”

এ বিভাগের আরও সংবাদ