নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) নতুন উপজেলা সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন মো. সাজেদুল বারী। তাঁর যোগদানের মধ্য দিয়ে হাতিয়ার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ও চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিকল্পনা ও পরিচালন শাখার ৮ নভেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে তাঁকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বদলি ও পদায়ন করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, এর আগে মো. সাজেদুল বারী নোয়াখালী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে হাতিয়া উপজেলা সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন এখনো নানা চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, সড়ক সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, নদীভাঙনকবলিত এলাকার যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বিষয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, কাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে হাতিয়ার যোগাযোগ ও অবকাঠামো খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।





