নোয়াখালীর হাতিয়া উপজেলায় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে পাঠদানের অনুমতি পেয়েছে ‘আন-নুর আইডিয়াল ইংলিশ একাডেমি’। গত ১২ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাঠদানের অনুমতি সনদ প্রদান করা হয়।
জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে। স্কুলটিতে বর্তমানে
৮০জন ছাত্রছাত্রী রয়েছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৫-এর বিধি ৪-এর উপ-বিধি (৫)-এর অধীন প্রতিষ্ঠানটিকে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। দ্বীপ কলেজ রোড, ওছখালী (হাতিয়া পৌরসভা ওয়ার্ড-৩, হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম) ঠিকানায় অবস্থিত এই বিদ্যালয়টিকে নির্ধারিত বিধিমালা ও বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সনদ প্রদান করা হয়। উল্লেখযোগ্য শর্তাবলির মধ্যে রয়েছে:
বিদ্যালয় পরিচালনার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। আগামী এক বছরের মধ্যে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে সকল শিক্ষকের পেশাগত মান উন্নয়নের জন্য ন্যূনতম ৭ দিনের প্রশিক্ষণ (যেমন: শিক্ষাক্রম ও মূল্যায়ন, শৈল্পিক ব্যবস্থাপনা, শিশু মনোজাগতিক ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ইত্যাদি) গ্রহণ নিশ্চিত করতে হবে। বিধি অনুযায়ী বিদ্যালয়ের নামে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষিত তহবিলে স্থায়ী আমানত বা সঞ্চয়পত্র হিসেবে জমা রাখতে হবে। ছাত্র ও শিক্ষকের গড় অনুপাত ৩০:১ বজায় রাখতে হবে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে এককভাবে বহন করতে হবে, যার দায় কোনোক্রমেই সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।
আন-নূর আইডিয়াল ইংলিশ একাডেমির প্রধান শিক্ষক মো. ইলিয়াস হাতিয়া কন্ঠকে বলেন, ‘আমাদের লক্ষ্য শিশুদের বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুন্দর মূল্যবোধে গড়ে তোলা। আমরা চাই, প্রতিটি শিশু আত্মবিশ্বাসের সঙ্গে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হয়ে উঠুক।’





