শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ৮:২৯:৩৩ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাসেল ইকবাল। এ সময় তিনি একটি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ইকবাল বলেন, “পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ, খাসজমি ও উপকূলীয় এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপকূলীয় অঞ্চলকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে এ ধরনের কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন।
প্রধান সংবাদ | ১৩ জুলাই ২০২৬
দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বিস্তারিত | hatiyakantha.com
বিষয় :


















